পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় বিআইডব্লিউটিএ দুটি নির্দেশনা দিয়েছে।
প্রথমটি হলো, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এই নৌপথ পরিহার করে চলাচল করতে হবে।
বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ-পুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ-শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।—বাসস