আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলোয়াড় ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছেন প্রধান কোচ টমাস ডুলি। দলের চূড়ান্ত রূপরেখা দেওয়ার লক্ষ্যেই প্রাথমিক স্কোয়াড পর্যালোচনা করে সব মিলিয়ে ছয়জন ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাদ পড়া ফুটবলারদের তালিকায় যেমন রয়েছেন প্রবাসী প্রতিনিধি, তেমনি বাদ পড়েছেন অভ্যন্তরীণ লিগের নিয়মিত পারফরমাররা। কানাডা থেকে আসা ইয়াসার তাহমিদ ও ইতালি প্রবাসী দেবজিৎ সরকারের সফরসূচি এখনই শেষ হচ্ছে। তাদের সঙ্গে ডুলির চূড়ান্ত পরিকল্পনায় জায়গা হয়নি দেশীয় চার ফুটবলারের—ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন এবং রাব্বি হোসেন।
বাংলাদেশ ফুটবল দল টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে দেশ ছাড়বে। আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আসরটিতে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং স্বাগতিক ইন্দোনেশিয়া।
ক্যাম্পে এখনো যোগ দেননি হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল হক। এ কারণে ফাইনাল স্কোয়াডে যুক্ত হবে নতুন নাম। বাদ পড়বেন আরো অনেকে। কোচ টমাস ডুলির অধীনে জাকার্তা সফরের আগে ছাঁটাইয়ের মাধ্যমে স্কোয়াড আরো আঁটসাঁট ও চূড়ান্ত করাই এখন বাফুফের মূল লক্ষ্য।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। পরে ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১ অক্টোবর-ইন্দোনেশিয়ার বিপক্ষে। প্রথম দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়, শেষ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।