1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আলভারেজ নাটকে নতুন মোড়, বিস্ফোরক দাবি বার্সা প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে গ্রীষ্মকালীন দলবদলের মেগা ড্রামা যেন শেষ হয়েও হচ্ছে না। আগামী সপ্তাহে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আগে আবারও মাঠে নেমেছে বার্সেলোনা।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য তাদের দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর বেশি অঙ্কের প্রস্তাবটি এখনো বহাল রয়েছে। চলতি উইন্ডোতেই চুক্তিটি সম্পন্ন করতে আশাবাদী বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এর আগে রবার্ট লেভানডফস্কির যোগ্য উত্তরসূরি হিসেবে আলভারেজকে প্রধান লক্ষ্য বানিয়ে ১০০ মিলিয়ন ইউরোর ওপর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল বার্সা, যা ফিরিয়ে দেয় অ্যাতলেতিকো। তবে লাপোর্তা আত্মবিশ্বাসী যে খেলোয়াড় নিজেই ক্যাম্প ন্যু-তে আসতে মুখিয়ে আছেন।

বুধবার ক্লাব চ্যানেলে ল্যাপোর্তা বলেন, ‘জনশ্রুতি ও চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আলভারেজ নিজেও বার্সায় যোগ দিতে চান। অ্যাতলেতিকোর প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী তাকে সই করানোর আশা ধরে রেখেছি।’

লাপোর্তা আরো বলেন, ‘আমরা অ্যাতলেতিকোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাই। তাই আমাদের দেওয়া প্রস্তাবটি টেবিলেই রয়েছে।

আশা করি দুই ক্লাবের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হবে। আমি আবারও বলছি, আমরা অ্যাতলেতিকো মাদ্রিদ ও তাদের পরিচালকদের সর্বোচ্চ সম্মান জানিয়েই এই পদক্ষেপ নিচ্ছি।’

চলতি গ্রীষ্মে আলভারেজকে ঘিরে নাটকীয়তার কমতি ছিল না। প্যারিস সেন জার্মেই ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো ২৬ বছর বয়সী এই তারকার ওপর চোখ রেখেছিল। রিয়াল নাকি তার জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে।
এমনকি অন্যায্যভাবে খেলোয়াড়ের সঙ্গে গোপনে যোগাযোগ করার অভিযোগ এনে বার্সার বিরুদ্ধে ফিফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নালিশও জানিয়েছিল অ্যাতলেতিকো!

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে ল্যাপোর্তা পুরো প্রক্রিয়ার বর্ণনা দেন, ‘কোচ হান্সি ফ্লিক আলভারেজকে খুব করে চাইছেন। আমি নিজে অ্যাতলেতিকোর সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিনকে ফোন করে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাকে জানান, বিকল্প কোনো ফরোয়ার্ড না পাওয়ায় তারা আলভারেজকে ছাড়বে না। পরে যখন শুনলাম অ্যাতলেতিকো অন্য ক্লাবের (চেলসি বা আর্সেনাল) সঙ্গে আলোচনায় বসছে, তখন আমরাও নিজেদের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছি। আমরা চাই আলভারেজ অন্য কোথাও নয়, বার্সাতেই আসুক।’

গত জুনেই ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ নিজেই স্বীকার করেছিলেন, দলবদলই সব পক্ষের জন্য সেরা সমাধান হবে এবং তিনি নিজের স্বপ্ন পূরণ করতে চান।

তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অ্যাতলেতিকোর সমর্থকদের রোষানলে পড়েছেন এই আর্জেন্টাইন। গত রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়ার ম্যাচে মেট্রোপলিটানো স্টেডিয়ামে আলভারেজ মাঠে নামতেই গ্যালারি থেকে ভেসে আসে দুয়োধ্বনি। ম্যাচ শেষে সতীর্থরা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেও কোচ দিয়েগো সিমিওনের পরামর্শে তিনি একাই সোজা ড্রেসিংরুমের টানেলে হেঁটে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ