ররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা-দিল্লি। দুই দেশের সুবিধামতো সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে।
তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।
নতুন এ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর প্রথম নিজ দপ্তরে আসেন নতুন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন এই দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলমান।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, এই নিয়ে দুই দেশ কাজ করছে।
ঢাকা-দিল্লির সুবিধামতো সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।