পরিচালক তানবীর হাসানের পরিচালনায় ‘যাযাবর’ নামের সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। গত মাসে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পর চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
রোমাঞ্চ, ভায়োলেন্স ও টানটান সাসপেন্সে ভরপুর এই সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা তানবীর হাসান জানান, গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে এবং তারা গল্পটি দারুণ পছন্দ করেছেন।
সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলমান রয়েছে। এ মাসের শেষ দিকে শুটিং শুরু করে একটানা ৮০-৯০ ভাগ চিত্রগ্রহণ শেষ করার পরিকল্পনা রয়েছে। বিরতির পর বাকি অংশের শুটিং সম্পন্ন করা হবে।
প্রথমবার চলচ্চিত্রে জুটি বাঁধা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সজল বলেন, সিনেমার গল্পটি বেশ ভালো লেগেছে। ভাবনা গুণী একজন অভিনেত্রী, প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। ঠিকমতো কাজটা সম্পন্ন হলে দর্শকরাও দারুণ কিছু উপভোগ করবেন।
ভাবনা বলেন, সজল ভাই একজন অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করা আনন্দের। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে পারব বলে আশা করছি।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তৈরি করেছেন তানবীর হাসান।
সিনে মিডিয়া প্রযোজিত এই সিনেমায় সজল ও ভাবনা ছাড়াও ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা ও ইকবালসহ একদল তারকা অভিনয়শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।