1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের এই জয়ে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের লড়াইও কার্যত শেষ হয়ে গেছে। কাট-অফ তারিখের মধ্যে শীর্ষ আট র‍্যাঙ্কিংয়ে থাকা নয়টি দলের হিসাবও এখন পরিষ্কার।

নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি এই আট দলের মধ্যে থাকে, তাহলে র‍্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সেই হিসাবে নবম স্থানে থাকা বাংলাদেশও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। কাট-অফের আগে ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে বাকি থাকলেও ওই দুই ম্যাচ জিতলেও নবম স্থানে ওঠা সম্ভব হবে না। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয় দলটিকে।

এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্বে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৩ বিশ্বকাপেও তারা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেবার বাছাইপর্বের সুপার সিক্সে পঞ্চম হয়ে বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে যায় তারা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের দর্শক হতে হয়েছিল দলটিকে।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে একটি দল সরাসরি জায়গা পাবে মূল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামে একটি পর্বে। তিন দলের ওই প্রতিযোগিতার সেরা দলও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

ফলে আফগানিস্তানের জয়ের মধ্য দিয়ে শুধু তাদের বিশ্বকাপ নিশ্চিত হয়নি, বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার পথও চূড়ান্ত হয়েছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার পেরোতে হবে বাছাইপর্বের কঠিন ধাপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ