বৈভব সূর্যবংশীকে যখন স্কোয়াডে নিয়েও একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না, তখনও ছিল সমালোচনা। আবার এবার যখন একাদশ থেকে বাদ পড়লেন, তখনও সমালোচনা। ব্যাট হাতে আহামরি ভালো করতে না পারলেও তাকে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে চলছে মাতামাতি।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ম ও শেষ টি-টোয়েন্টিতে সূর্যবংশীকে বেঞ্চে বসিয়ে সুযোগ দেওয়া হয় স্যাঞ্জু স্যামসনকে। মূলত বাঁহাতি ওপেনার অভিষেক শর্মার সাথে ডানহাতি কাউকে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘আমরা এমন একটি সেরা কম্বিনেশন খুঁজছিলাম, যা এই কন্ডিশনের জন্য সবচেয়ে উপযুক্ত হবে। আমরা চেয়েছিলাম অভিষেকের সঙ্গে একজন ডানহাতি ব্যাটার থাকুক। সেটাই ছিল অন্যতম প্রধান কারণ। দলে বাঁহাতিদের মধ্যে আমি-ই একমাত্র ডানহাতি ছিলাম। তাই এই ম্যাচের জন্য ভিন্ন একটি কম্বিনেশন চেষ্টা করতে চেয়েছিলাম, যেটি আমাদের কাছে বেশি উপযুক্ত মনে হয়েছে।’
এ সময় সূর্যবংশীর ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সে (সূর্যবংশী) অসাধারণ একজন ব্যাটার। অতীতে ভারতকে অনেক জিতিয়েছে।’
ভারত অবশ্য সেরা কম্বিনেশন খুঁজে পায়নি গোটা সিরিজ জুড়ে। তাই বন্দী থাকতে হয়েছে হারের বৃত্তে। শ্রেয়াস বলেন, ‘প্রথম ম্যাচের পর থেকেই প্রতিটি ম্যাচে কন্ডিশন বদলেছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং আরও সচেতন থাকতে হবে।’
‘আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, কোথায় আরও ভালো করা যেত। রান তাড়ায় আমরা একসঙ্গে কয়েকটি উইকেট হারিয়েছি। জুটি গড়ে তোলার বদলে আমরা দ্রুত রান তোলার দিকেই বেশি মনোযোগ দিয়েছি। আমাদের উচিত ছিল নির্দিষ্ট বোলারদের লক্ষ্য করা এবং কিছুটা সময় নিয়ে ইনিংস গড়া।’