1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭ Time View

গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘সংসদের ভেতরে সমাধান না এলে জনগণের প্রত্যাশা পূরণে রাজপথই হবে শেষ আশ্রয়।’

শুক্রবার (১ মে) দুপুরে রংপুর মডেল কলেজের হলরুমে জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বাছাইকৃত রুকন সদস্যদের তিন দিনব্যাপী শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন।

এমপি আজহারুল ইসলাম বলেন, ‘জনগণের দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেটিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
গণভোটে যে রায় এসেছে, তা বাস্তবায়নে আমরা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে জনগণই রাজপথে এর ফয়সালা করবে।’

তিনি বলেন, ‘প্রায় দেড় হাজারের বেশি ছাত্র-যুবকের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। আমি এটিকে দ্বিতীয় স্বাধীনতা মনে করি।
এই পরিবর্তনের মাধ্যমেই আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, কারামুক্ত হয়েছি এবং জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি।’

গণভোট বাস্তবায়ন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘সংসদে গিয়ে আমরা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের শপথ নিয়েছি। কিন্তু বিএনপি সেই শপথ নেয়নি এবং তারা সংসদে গিয়ে কয়েকটি মৌলিক অধ্যাদেশ বাতিল করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, সংসদ থেকে ওয়াকআউট করেছি এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করছি।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সদস্যের একটি কমিটি গঠনের কথা বলেছেন। সেখানে ১২ জন সদস্য সরকার দিয়েছে এবং বাকি পাঁচজনের নাম জামায়াতের কাছে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় ও সংসদীয় ফোরামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাব।’

মুক্তিযুদ্ধ ও ঐক্যের রাজনীতি নিয়ে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে, আর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৮ সালে। তাদের দলে যেমন মুক্তিযোদ্ধা আছে, তেমনি জামায়াতেও মুক্তিযোদ্ধা রয়েছে।
অথচ তারা ঐক্যের কথা বললেও বাস্তবে বিভেদের রাজনীতি করছে।’

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জাতীয় ঐক্যের রাজনীতি করেছিলেন। খালেদা জিয়াও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

গণভোটের ফলাফল নিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘৭০ শতাংশ জনগণ গণভোটে যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করা হলে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সেই রায় উপেক্ষা করা হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভুলের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। জনগণের গণরায় উপেক্ষা করে ক্ষমতার জোরে কিছু করা যাবে না।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এটিএম আযম খান, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলাষ আমিন হাসান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ