ফুটবল বিশ্বে জার্মানির অবস্থান সবসময়ই থাকে উপরের সারিতে। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারবার বিশ্বকাপ জিতেছে তারা। যদিও, গত দুই আসরে ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয় তাদের, ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। তবে আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজ দেশের দারুণ সম্ভাবনা দেখছেন জার্মান টেনিস তারকা আলেক্সান্ডার জেভেরেভ।
সর্বোচ্চ মঞ্চে দেশকে কোনো আন্তর্জাতিক শিরোপা জেতানোর জন্য কী করতে হয়, এর সবকিছুই ভালোমতো জানা জেভেরেভের। পাঁচ বছর আগে টোকিও অলিম্পিকসে টেনিসের পুরুষ এককে দেশের জন্য সোনার পদক জিকতেছিলেন তিনি। প্রথম জার্মান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ওই ঐতিহাসিক অর্জনের পর অ্যাথলেটদের মধ্যে যারা প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিলেন, তাদের একজন ছিলেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।
সাবেক জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগার এক্সে (ওই সময়ের টুইটার) লিখেছিলেন- জার্মানির ইতিহাসে টেনিস পুরুষ এককের প্রথম সোনার পদক জয়ী! কী রোমাঞ্চকর এক ফাইনাল এবং তোমার কী চমৎকার পারফরম্যান্স, অলিম্পিক সোনা জয়ে তোমাকে অভিনন্দন।
ফুটবলে ক্লাব বায়ার্ন মিউনিখের ভক্ত জেভেরেভের বিশ্বাস, তার মতো এবার জার্মানি জাতীয় ফুটবল দল বিশ্বকাপে বাজিমাত করবে। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রত্যাশার কথাই শোনালেন অলিম্পিকে সোনার পদকের পাশাপাশি দুইবার এটিপি ট্যুর ফাইনালসের চ্যাম্পিয়ন তারকা।
তিনি বলেন, আমার মনে হয়, (আসছে বিশ্বকাপে) জার্মানির ভালো সম্ভাবনা আছে। আগের (দুই) আসরে যে পারফরম্যান্স করেছে, তার চেয়ে এবার ভালো খেলবে তারা। আমার মতে, তাদের এবারের দলটা বেশ গোছানো। অবশ্যই দলটা তরুণ, কিন্তু আমার মনে হচ্ছে, তারা ভালো করবে।”
হামবুর্গে জন্ম নেওয়া জেভেরেভ সারাজীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে ২০০৬ বিশ্বকাপে, নিজের শহরে গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখে। ২৯ বছর বয়সী এই তারকার প্রিয় ফুটবলারের তালিকাটা বেশ লম্বা। ছোটকালে যাদের আদর্শ মেনে বড় হয়েছেন, পরবর্তীতে সেই সঙ্গে যোগ হয়েছে আরও কিছু নাম।
তিনি জানান, বেড়ে ওঠার সময় আমার প্রিয় খেলোয়াড় ছিলেন অলিভার কান। আর ২০১৪ বিশ্বকাপের জার্মান দলের আছেন অনেকে-শোয়াইনস্টাইগার, (লুকাস) পোডলস্কি, মানুয়েল নয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন টনি ক্রুস অবশ্যই…অনেকে।
এটিপি র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় জেভেরেভ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও, এখনও ক্যারিয়ারে এই শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে দেশের ম্যাচ স্টেডিয়ামে বসে জেভেরেভ দেখতে পারবেন কিনা, সেটা অবশ্য নিশ্চিত নয়। কারণ সেই সময় চলবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন- এই প্রতিযোগিতায় জেভেরেভ নিশ্চয় চাইবেন শেষ পর্যন্ত যেতে, ট্রফি উঁচিয়ে ধরতে।
তবে যেখানে যে অবস্থাতেই থাকুন, বিশ্বকাপে যে ঠিকই দৃষ্টি থাকবে জেভেরেভের, তা নিশ্চিত। তিনি বলেন, আমার মনে হয়, বিশ্বকাপ নিয়ে সবাই রোমাঞ্চিত। কারণ এটা চার বছর পরপর হয়। অলিম্পিকের বাইরে এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট।”
প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া ছোট্ট দেশ কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু হবে জার্মানির, আগামী ১৪ জুন। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোত দি ভোয়া ও একুয়েডর।