মৌসুমের শেষ সময়ে এসে জোড়া ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দলটির মিডফিল্ডার আর্দা গুলার ও ডিফেন্ডার ইডার মিলিতাও। পরীক্ষায় এই দুজনের চোট ধরা পড়ার কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।
ক্লাব সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, এই দুইজনকেই প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন। উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।
লা লিগায় শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে গিলেরের এই সমস্যা দেখা দেয়। পায়ের পেশিতে অস্বস্তির কারণে তুর্কি মিডফিল্ডারকে দলীয় অনুশীলন বাদ দিয়ে জিমে থাকতে হয় এবং পরবর্তীতে পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
আর মিলিতাও গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচের প্রথমার্ধ শেষের ঠিক আগে প্রতিপক্ষে চ্যালেঞ্জের সময় হালকা ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাঠ ছাড়ার জন্য ইশারা করেন।
ম্যাচের পর কোচ আলভারো আরবেলোয়া এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে নিয়ে আশার সুরে কথা বললেও, পরে এমআরআই স্ক্যানে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের জন্য এটি আরেকটি ধাক্কা। গত কয়েক মৌসুমে একের পর এক চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। যার মধ্যে আছে পরপর দুই বছর এসিএল চোটের ঘটনাও। ছয় রাউন্ড বাকি থাকতে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রেয়ালের চেয়ে কাতালান দলটি এগিয়ে আছে ৯ পয়েন্টে।
আগামী ১০ মে কাম্প নউয়ে ক্লাসিকোয় মুখোমুখি হবে স্পেনের চির প্রতিদ্বন্দ্বী দুই দল। ওই ম্যাচেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত হতে পারে বার্সেলোনার। মৌসুমে দুই দলই টিকে আছে শুধু এই একটি প্রতিযোগিতায়।