ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব এলাকায় লেভেলক্রসিং রয়েছে সেখানে অটোমেটিক গেট নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে। বিশ্বের অন্যান্য দেশে এসব গেটগুলোকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এই এলাকায় গেট ম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটত না।
মন্ত্রী রোববার বেলা এগারোটায় কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস-ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাশ শনাক্তকরণ করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
কৃষিমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।