তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সোমবার সকাল ৯টার দিকে তাকে বহনকারী একটি প্লেন জাকার্তার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে উইদোদোকে বিদায় জানান।
এর আগে শনিবার বিকেলে ঢাকায় আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যান উইদোদো। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সাহায্য চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন উইদোদো।
তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা সই হয়। এরমধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি ও মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র উল্লেখযোগ্য।