ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচই স্থগিত করা হয়েছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডব্লিউসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কারিগরি কারণে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকরা বলেছে, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’
তবে ম্যাচ স্থগিতের পেছনে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতাকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এর আগে থেকেই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার খবর প্রকাশিত হয়েছিল।
ডব্লিউসিএলের অধিনায়কদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে দেখা গেলেও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।
এবারই প্রথমবারের মতো ডব্লিউসিএলে অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের।
এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স, ১১ অক্টোবর ভারত চ্যাম্পিয়ন্স এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলার সূচি রয়েছে বাংলাদেশের।