ইরাকের সুলেমানিয়াতে চলমান এশিয়া কাপ আর্চারি স্টেজ-দুইয়ের নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। বুধবার ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গঠিত বাংলাদেশ দল শুরু থেকেই ছিল লক্ষ্যভেদে নিখুঁত ও ধারাবাহিক। চার পর্বের ম্যাচটিতে তারা যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ স্কোর তুলে মোট ২৩০ পয়েন্ট সংগ্রহ করে পোডিয়ামের শীর্ষে নিজেদের জায়গা নিশ্চিত করে।
বাংলাদেশের এই স্মরণীয় পারফরম্যান্সের সামনে কাজাখস্তানের আর্চাররা সুবিধা করতে পারেনি। তারা চার পর্বে তোলে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭— মোট ২২০ পয়েন্ট। ফলে ১০ পয়েন্টের বড় ব্যবধানে জিতে সোনার পদক নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের মতো এশিয়া মহাদেশের আর্চারির শীর্ষ দলগুলো টুর্নামেন্টের এই স্টেজে অংশ নেয়নি। তাদের অনুপস্থিতিতে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আর্চারিতে নিজেদের ক্রমবর্ধমান দক্ষতার পরিচয় দিয়ে এই জয় দেশের জন্য অন্যতম বড় একটি অর্জন হয়ে থাকল।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সাফল্যের পর আরেকটি সোনার পদক গলায় ঝোলানোর হাতছানি রয়েছে বন্যার সামনে। আগামীকাল বৃহস্পতিবার নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে নামবেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ কাজাখস্তানের বুরলেভা মিনেরা।