হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় অ্যালবামে লুকায়িত ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৫৪ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ একজন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার রাতে ওই যাত্রীকে আটক করা হয়।
আটককৃত যাত্রীর নাম মো. মামুন মিয়া (৪১)। তার পাসপোর্ট নং বিপি-০০২৭৬৫৭। মামুনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বুধবার দিবাগত রাত ২টার দিকে মালয়েশিয়াগামী একটি বিমানের যাত্রী ছিলেন তিনি।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে নজরদারিতে রাখেন। তিনি বোর্ডিং কার্ড সহকারে ইমিগ্রেশন পার হয়ে প্লেনে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ২টার দিকে ১৬ নং বোর্ডিং ব্রিজে এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হয়। পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি এ বছর ২৪ বার বিদেশ ভ্রমণ করেছেন।
তিনি বলেন, এরপর যাত্রীকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ২শ ৫৪ টাকা মূল্যমানের সৌদি রিয়াল, ইউএই দিরহাম, মালয়েশিয়ান রিঙ্গিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়। এসব মুদ্রা তার ব্যাগের বিভিন্ন জায়গায় এবং ছবি বিহীন ফটো অ্যালবামে লুকায়িত ছিল। ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এসব মুদ্রা। এসব মুদ্রা তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন। ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। ধারণা করা হচ্ছে আটক যাত্রী একজন বাহক। তিনি চোরাচালানি পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন।