বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরাম্যান শাহাদাত হোসেন বাপ্পির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’ শীর্ষক এই স্লোগানে এক প্রতিবাদী মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী বলেন, গত মঙ্গলবার বিকেল ৪টায় গাজীপুরের জয়দেবপুরে একটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে হামলার শিকার হন দুই গণমাধ্যমকর্মী। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর মামলার ঘটনা চলছেই, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।
সাংবাদিকদের উপর হামলার ঘটনা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশের গণমাধ্যম হুমকির মুখে পড়বে এমন কথা উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে অচিরেই সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচির ডাক দেবে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ না থাকার কারণে এ ধরনের মামলার মতো ঘটনা ঘটছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর ন্যাক্যারজনকভাবে হামলা করছে সন্ত্রাসীরা। কিন্তু এসব হামলার কোনো বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বারবার একই কাজ করছে, তবুও প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে। তাই সাংবাদিক সমাজকে এক হয়ে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাভিশনের সাংবাদিক এসএম ফয়েজের সভাপতিত্বে মানববন্ধনের উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।