দেশের পুঁজিবাজারে গেল সপ্তাহে বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। একইসঙ্গে বেড়েছে সব ধরনের সূচক, বাজার মূলধন ও পিই রেশিও। পাশপাশি দর বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ায় ও মিউচুয়াল ফান্ডের। সপ্তাহ শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভার বেড়েছে ২৮ দশমিক ৬৮ শতাংশ।
সপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা, ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ নভেম্বর) লেনদেনের শুরুতে বাজার মূলধন ছিল তিন লাখ ২৮ হাজার ৪৮৮ কোটি টাকা এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লেনদেন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩২ হাজার ৫১৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে চার হাজার ২৫ কোটি টাকা বা এক দশমিক ২৩ শতাংশ।
এদিকে ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে তিন হাজার ৯৭৭ কোটি ১৬ লাখ টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে ৮৮৭ কোটি বা ২৮ দশমিক ৬৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ৪৩ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে চেয়ে ২৮ দশমিক ৬৮ শতাংশ বেশি। আগে সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছিল ৬১৮ কোটি ১২ লাখ।
এছাড়া গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯২ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্টে বেড়ে এক হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) এক দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে গত সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক বেড়েছে এক দশমিক ৮১ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে এক দশমিক ৪৪ শতাংশ, সার্বিক সূচক সিএসসিএক্স বেড়েছে এক দশমিক ৭৭ শতাংশ, সিএসই৫০ সূচক বেড়েছে এক দশমিক ৫২ শতাংশ এবং সিএসআই সূচক বেড়েছে দশমিক ৯০ শতাংশ।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। গত সপ্তাহে সিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২১১ কোটি ৪৩ লাখ টাকা।