1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মানুষের অধিকার প্রতিষ্ঠার ওয়াদা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৯০ Time View

sheikh-hasina-awame-league-leader-prime-minister-bangladesh-14প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলার মানুষকে বিশ্ব সভায় মর্যাদার আসনে বসাতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিয়ে যাব। মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো। এই ওয়াদা দিয়ে গেলাম।’

শনিবার দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর ঘাটে এ কথা বলেন তিনি।

এর আগে সকালে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টিমার এমভি বাঙালির উদ্বোধন শেষে ওই স্টিমারে করেই মোহনপুর ঘাটে যান প্রধানমন্ত্রী। সেখানেই জাহাজের দোতলায় সামনের ডেকে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় হাজারো মানুষ ভিড় করেন মোহনপুর ঘাট এলাকায়। স্লোগান ও হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবো।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে আর গরীব মানুষ থাকবে না। আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে আমরা গৃহহীনদের ঘর তৈরি করে দিচ্ছি। কেউ গৃহহীন থাকবে না।’

‘জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ করতে।’

সবার দোয়া ও সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পর যারা জাতির জনককে হত্যা, সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছে বাংলার মাটিতে তাদের বিচার হবেই। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। কেউ তাদের রক্ষা করতে পারবে না।’

সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র কেউ যাতে নস্যাৎ করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’

সরকার স্টিমার সার্ভিসকে আবারো পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আগে স্টিমার সার্ভিস ব্যাপকভাবে চালু ছিল। আস্তে আস্তে এটি নষ্ট হয়ে যায়। আমরা এর পুনরুজ্জীবনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ