ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ প্রকৃত ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে কি না এবং তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ বুধবার (২৮ অক্টোবর) ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'নতুন ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়? আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে যেভাবে অর্থ তছরুপ করা হয়েছিল, এখন যে তা হচ্ছে না, সেই নিশ্চয়তা কে দেবে?'
তিনি বলেন, একসময় দেশের বেসরকারি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছিল। কিন্তু খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে সংকটের শুরু হয়।
বর্তমানে ব্যাংক খাতে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঋণ যদি প্রকৃত ব্যবসায়ীদের না দিয়ে আবারও লুটপাটের সুযোগ তৈরি করা হয়, তাহলে অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিস্থিতি তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'বেসরকারি ব্যাংকগুলো খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে ভালো হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা আরও খারাপ হচ্ছে।'
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পুরোপুরি রাজনৈতিক প্রভাবের মধ্যে রয়েছে। প্রত্যেক সরকারই বিভিন্ন সুযোগ দেওয়ার নামে এসব ব্যাংকের অপব্যবহারের সুযোগ তৈরি করেছে।
'এ সমস্যা বাংলাদেশ ব্যাংক একা সমাধান করতে পারবে না। সরকারকেই এর সমাধান করতে হবে,' বলেন তিনি।
ব্যাংক ও করপোরেট খাতে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, 'করপোরেট ও ব্যাংকিং খাতে যারা রয়েছেন, তাদের ন্যূনতম নৈতিকতা থাকতে হবে। যত আইনই থাকুক না কেন, নৈতিকতা ছাড়া কোনো দেশেই ভালো করা সম্ভব নয়।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.