সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কারণে বাংলাদেশে বিপুল জাপানি বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আগের তুলনায় অনেক বাড়বে।
প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য জাপানের গুরুত্ব অনেক। দ্বিপক্ষীয় সহায়তার ক্ষেত্রে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। জাপানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় মাতারবাড়ীসহ গুরুত্বপূর্ণ প্রকল্প এবং ঢাকার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে। চুক্তিটি জাপানের পক্ষ থেকে যাচাইয়ের জন্য আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের কথা রয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ এবং বিভিন্ন পদ্ধতিগত জটিলতা দূর করা সম্ভব হলে এই চুক্তির বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, প্রধানমন্ত্রী জাপানে গেছেন। প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ-জাপান সম্পর্কের সম্ভাবনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মন্ত্রী বলেন, সরকার যেসব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, সেগুলোর শতভাগ বাস্তবায়ন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।