আন্তর্জাতিক তেল বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপ দখলে নেওয়ার পর এ দাবি করা হয়েছে।
মায়ুন দ্বীপটি পেরিম দ্বীপ নামেও পরিচিত। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থানের কারণে দ্বীপটি সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ।
প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার ফলে হুথি বিদ্রোহীরা পুরো প্রণালির ওপর কৌশলগত প্রভাব বিস্তারের অবস্থানে এসেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ইয়েমেন সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে পেরিম দ্বীপে হুথির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবর দিয়েছে। এতে বলা হয়েছে, পেরিম নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ সম্পূর্ণ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকেও ইয়েমেনের দুটি সূত্র জানিয়েছে, সৌদি-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো পেরিম দ্বীপ থেকে সরে গেছে।
পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার আগে হুথিরা পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ শহর আল-মোখা দখলে নেয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর সৌদি-সমর্থিত যোদ্ধারা দক্ষিণ দিকে এবং ধুবাব শহরের দিকে সরে যায়।
আল-মোখা ও ধুবাবসহ পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ শহর ও বন্দর এলাকায় হুথিদের ধারাবাহিক অগ্রগতির পর পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া হয়।
এদিকে ইয়েমেনে অবকাঠামো, বিমানবন্দর ও বন্দরে সৌদি হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুথির জ্যেষ্ঠ নেতা হাজেম আল-আসাদ।
সাম্প্রতিক সৌদি হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতিতে ইয়েমেনের অবকাঠামো, বিমানবন্দর বা বন্দরে যে কোনো হামলার জবাব দেওয়া হবে।
আল-মোখা, ধুবাব ও পেরিম দ্বীপসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা হলে সৌদি অবকাঠামোকেও পাল্টা লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।
বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথের সংকীর্ণ প্রবেশদ্বার। প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে।
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিচালিত হয়। তাই বাব আল-মান্দেবের ওপর সামরিক বা কৌশলগত নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ।
পেরিম দ্বীপ প্রণালির কেন্দ্রীয় অবস্থানে থাকায় এ দ্বীপের নিয়ন্ত্রণ সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণ ও প্রভাবিত করার ক্ষেত্রে বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে।