বেশ আগে থেকেই আলোচনায় ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের বিয়ে। সেপ্টেম্বরেই তারা বিয়ে করবেন বলে সম্প্রতি ছড়িয়ে পড়ে। কিন্তু ক্রীড়া বিশ্বের অন্যতম আলোচিত এই ঘটনা অনেকটা আড়ালেই সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রোনালদো-জর্জিনাও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন, যদিও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, পর্তুগালে দীর্ঘদিনের সঙ্গী, মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজকে আইনি আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে করেছেন রোনালদো। পর্তুগিজ স্ট্রাইকার্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের হাতের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে উভয়ের হাতে বিয়ের আংটি পরা ছিল। যদিও ক্যাপশনে তারা লিখেছেন স্রেফ– ‘C❤️G’।
পর্তুগিজ গণমাধ্যম এই আয়োজনকে ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে অভিহিত করেছে। তাদের তথ্যমতে, লিসবনের অদূরে উপকূলীয় শহর কাসকাইসে ১১ আগস্ট এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল। রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে তুমুল আগ্রহ থাকলেও, তারা কেন পুরোপুরি সেই খবর প্রকাশ্যে আনছেন না তা অবশ্য গণমাধ্যমে বলা হয়নি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার ৩০ মিনিটের মধ্যেই তাতে ৩০ লাখেরও বেশি ‘লাইক’ পড়ে।
মাদ্রিদে ইতালিয়ান একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের শো-রুমে পরিচয় হওয়ার পর ১০ বছর ধরে সম্পর্ক রোনালদো-জর্জিনার। তখন পর্তুগিজ সুপারস্টার রিয়াল মাদ্রিদে খেলতেন, আর ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার এই আর্জেন্টাইন প্রেমিকা। এর আগে গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন এই তারকা দম্পতি। গণমাধ্যমের হিসাবে– ঠিক এক বছর পর তারা বিয়ের বন্ধনেও আবদ্ধ হলেন।
আংটি বদল করে বাগদান সম্পন্নের পর জর্জিনা রদ্রিগেজ সেই সময় একটি বড় আংটির ছবি দিয়েছিলেন। বিয়েতে সম্মতি দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ রোনালদো-জর্জিনার ১০ বছরের রোমান্টিক সম্পর্ক আগেই পরিবারে রূপ নিয়েছিল। পাঁচ সন্তান নিয়ে তাদের পারিবারিক জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই।
এদিকে, রোনালদো-জর্জিনার বিয়ের ছবি সামনে না আসায় সামাজিক মাধ্যমে ব্যাপক ভুয়া ছবি ও ভিডিও ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিয়েতে লিওনেল মেসি, নেইমার জুনিয়রসহ বড় সব তারকার উপস্থিতি ফুটিয়ে তুলছেন নেটিজেনরা।