1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনে কামারা দে সেভিয়ার (সেভিল চেম্বার অব কমার্স) সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরা লিওনের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় তিনি বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের বৈচিত্র্যকরণ, বাংলাদেশে আরও বেশি স্প্যানিশ বিনিয়োগ আকর্ষণ এবং শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে- এমন খাতগুলোতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উভয় পক্ষই টেক্সটাইল ও তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস বা ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানিকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেছে।

ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতিতে সহযোগিতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শামা ওবায়েদ পাট ও পাটজাত পণ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বাণিজ্যের বৈচিত্র্যকরণ এবং পারস্পরিক সুবিধাজনক বিনিয়োগে অবদান রাখতে পারে এমন নতুন ব্যবসায়ী অংশীদারিত্বের পথ অনুসরণের ওপর জোর দেন।

বৈঠককালে সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি স্পেনের সেভিলে বছরে অন্তত একবার দুই দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ-কেন্দ্রিক একটি বিজনেস সেমিনারের আয়োজনে আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তী পদক্ষেপ হিসেবে স্প্যানিশ উদ্যোক্তাদের কাছে বাংলাদেশের পণ্য, বিনিয়োগের সুযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা প্রদর্শনের জন্য সেভিলে যৌথভাবে বাংলাদেশের ওপর একটি প্রদর্শনীর আয়োজনের প্রস্তাব করেন তিনি।

এই প্রস্তাবিত উদ্যোগগুলো বাংলাদেশি ও স্প্যানিশ ব্যবসাগুলোর মধ্যে সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে, যা তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

উভয় পক্ষই ব্যবসায়িক প্রতিনিধিদলের বিনিময় এবং সেভিল চেম্বার অব কমার্স ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সুদৃঢ় করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তা ছাড়া শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মেটাতে ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকীকরণ এবং শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা কথা বলেন।

বৈঠকে সেভিল চেম্বার অব কমার্স অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তথ্য বিনিময় ও সম্ভাব্য শিক্ষার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

দুই পক্ষই এসব আলোচনাকে বাস্তব অর্থনৈতিক সহযোগিতায় রূপ দিতে নিয়মিত সংলাপ বজায় রাখা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

এই বৈঠকে ব্যবসায়ী অংশীদারিত্ব সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন সুযোগ উন্মোচনে বাংলাদেশ ও স্পেনের যৌথ আগ্রহের কথা আবারও পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ